২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারের আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (আইসিটি-২) এই রায় ঘোষণা করবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ৪ আগস্ট একজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যার পর ৫ আগস্ট আরও ৫ জনকে গুলি করে হত্যা করা হয় এবং একজনকে জীবিত অবস্থায়সহ মোট ৬টি মরদেহ পুলিশ ভ্যানে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সাভারের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার বর্তমান অবস্থা
- বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
- ৬৩ জন সাক্ষীর মধ্যে প্রসিকিউশনের ২৪ জন এবং ডিফেন্সের ১ জন সাক্ষ্য দিয়েছেন।
- গ্রেপ্তার ৮ জন আসামি কারাগারে রয়েছেন; এদের মধ্যে সাবেক এসআই শেখ আবজালুল হক রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হয়ে জবানবন্দি দিয়েছেন।
- বাকি ৮ জন পলাতক। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক এসপি আসাদুজ্জামান রিপন, সাবেক ওসি এএফএম সাঈদসহ অন্যরা।
রায়ের প্রক্রিয়া ও সম্প্রচার
- আইসিটি-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।
- প্রসিকিউশন ও ডিফেন্সের যুক্তিতর্ক শেষে গত ২০ জানুয়ারি রায়ের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
- রায়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
- প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, আসামিদের দোষ অনুযায়ী সাজা প্রার্থনা করা হয়েছে। ন্যায়বিচার প্রত্যাশা করছি।
আরও পড়ুন: বদল হচ্ছে র্যাবের নাম, নতুন নাম এসআইএফ
আশুলিয়ায় জুলাই অভ্যুত্থানে মোট ২৯ জন নিহত হন। এ মামলায় শুধু ৬টি মরদেহ পোড়ানোর ঘটনার বিচার সম্পন্ন হয়েছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, অন্য হত্যাকাণ্ডের তদন্ত চলমান। প্রমাণ পাওয়া গেলে রুল-৩৬ অনুযায়ী নতুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। পুনর্গঠিত আইসিটি-২ থেকে এটিই প্রথম মানবতাবিরোধী অপরাধের রায়।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































