প্রধান নির্বাচন কমিশনার-সিইসি-এ এম এম নাসির উদ্দিন-newsedge24

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “ নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন হবে ইনশাল্লাহ। সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে।” সোমবার গুলশানে ‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “এই নির্বাচন হবে একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের আওতায় এনেছি আমরা—যা গত ৫৪ বছরে হয়নি। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা আগে ভোট দিতে পারতেন না, তারা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। কারাবন্দি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ভোট দিতে পারবেন। এর সঙ্গে গণভোটেরও আয়োজন করতে হচ্ছে। তরুণরা যদি সঙ্গে থাকে, তাহলে আমরা আরও এগিয়ে যাব। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তরুণরা নিজেরা ভোট দেবেন, অন্যদের ভোটদানে উৎসাহ দেবেন। তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক। ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪—সব আন্দোলনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তরুণদের সৃষ্টিশীলতা ও শক্তি ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ—তরুণদের নিয়েই হবে এবারের ভোট।”

আরও পড়ুন: নির্বাচনকে সামনে রেখে আরও হত্যাকাণ্ডের আশঙ্কা মির্জা ফখরুলের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ উল্লেখ করে সিইসি বলেন, “নির্বাচনের সময় দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। আগেও আহসানউল্লাহ মাস্টার ও শাহ এ এম এস কিবরিয়া খুন হয়েছিলেন। এসব নতুন কিছু নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *