রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার ওসি, ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































