আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ রোববার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণপরিবহন মালিক, শ্রমিক ও চালকদের জন্য নির্দেশনা:
- শিডিউল অনুযায়ী বাস ছাড়তে হবে এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না।
- একই সিট একাধিক যাত্রীকে বিক্রি, বাসের ছাদে যাত্রী বহন এবং পণ্য ও পশুবাহী যানবাহনে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।
- গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে, বেপরোয়া গতি ও নিষিদ্ধ এলাকায় (রাস্তার বাঁক, সরু সেতু) ওভারটেকিং করা যাবে না।
- নেশাজাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম অবস্থায় বা অসুস্থ হয়ে গাড়ি চালানো নিষিদ্ধ।
- বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না।
- গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার এবং উচ্চস্বরে গান বাজানো নিষিদ্ধ।
- চালককে একটানা ৫ ঘণ্টার বেশি এবং দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।
যাত্রীদের জন্য পরামর্শ:
- যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার থেকে উঠতে হবে।
- অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা।
- মালামাল নিজ দায়িত্বে রাখা এবং নির্ধারিত সময়ের আগেই টার্মিনালে উপস্থিত হওয়া।
পথচারীদের জন্য:
- জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পারাপার করতে হবে।
- মোবাইলে কথা বলতে বলতে বা দৌড়ে রাস্তা পার না হওয়া।
- ফুটপাত ব্যবহার করে চলাচল করা।
জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ডিএমপি।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































