কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন ধর্ষণ ও হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনকে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছ পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বুধবার রাতে তাজমিন সুমন নামের ওই অটোরিকশাচালককে কুমিল্লা রেসকোর্স নামিয়ে দেওয়ার জন্য ভাড়া করে। পরে তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদে সুমন ভিকটিমকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তিনি ঘটনাস্থল ত্যাগ করে চট্টগ্রামের দিকে চলে যান। পরে ফেলে যাওয়া অটোরিকশাটির রেজিস্ট্রেশন নম্বর ধরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সুমনকে চট্টগ্রাম নগরীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
পুলিশ কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ঘটনার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালমাই থানার ওসি মিজানুর রহমান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকার, উপপরিদর্শক অর্ণবসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার জয়পুর গ্রামের ধানখেত থেকে জান্নাতুল তাজমিন নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































