কক্সবাজারের উখিয়ায় ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ এমনভাবে বিকৃত হয়েছে যে পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একইসঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে ছয়টি মরদেহ পাওয়া গেছে একটি কক্ষে। ধারণা করা হচ্ছে, তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। বাকি চারটি মরদেহ উদ্ধার হয়েছে ওয়াশরুম থেকে। আগুন থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। টানা সাত ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়ে রাত ২টা ৪০ মিনিটে ১০টি মরদেহ উদ্ধারের পর অভিযান শেষ হয়।
কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, পরিচয় নিশ্চিত করতে কক্সবাজারের হাসপাতালগুলোতে নমুনা সংগ্রহ করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এনে স্থানীয়ভাবেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, রিসোর্ট ভবনে কাঠসহ দাহ্য পদার্থের আধিক্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা অতিথিরা বের হওয়ার মতো পর্যাপ্ত সময় পাননি। মরদেহগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে রিসোর্টটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের তথ্যমতে, ওই রিসোর্টে একই পরিবারের নয়জন অবস্থান করছিলেন। এর মধ্যে ছয়জন নিখোঁজের তালিকায় ছিলেন। আহতদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। চিকিৎসার সুবিধার্থে চারজনকে উড়োজাহাজে ঢাকায় পাঠানো হয়েছে।
উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ জানান, রিসোর্ট কর্তৃপক্ষের বোর্ডার তালিকা অনুযায়ী সেখানে ১৮ জন অতিথি ছিলেন। দুজন সকালে হাঁটতে বের হওয়ায় নিরাপদে ছিলেন। সাতজন চিকিৎসাধীন এবং নয়জন নিখোঁজ ছিলেন। তবে ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে একজনের নাম তালিকার সঙ্গে মেলেনি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































