মির্জা ফখরুল-mirza Fokrul-newsedge24

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতি, ছলচাতুরী বা জবরদস্তির কোনো সম্ভাবনা নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি বাজার এলাকায় এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দেশের সকল নাগরিক এবার সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আমরা সবাই মিলে একটা সুন্দর ভোট দিতে পারব। এবারের ভোটে কোনো জালিয়াতি হওয়ার সুযোগ নেই। কারণ এখানে যে সরকার আছে, সেটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায়। এরা চায় যারা নির্বাচন করছে তারাই ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করুক।”

তিনি আরও বলেন, “সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ চায় এবং আমরা রাজনৈতিক দলগুলোও চাই। সুতরাং এবার সম্ভাবনা অনেক বেশি, একটা সুন্দর নির্বাচন হবে। আমরা চাই আমার ভোটটা আমি দেব, যাকে খুশি তাকে দেব। তাহলে এবারের ভোটের মাধ্যমে একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে এবং মানুষের কল্যাণে কাজ করবে।”

দীর্ঘ ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগের তিনটা নির্বাচনে আমরা ভোট করিনি। ২০১৮ সালের নির্বাচন আগের রাতে ভোট নিয়ে গেছে। ২০২৪-এর নির্বাচনও হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে পরিবর্তন এসেছে, নিরপেক্ষ সরকার গঠিত হয়েছে।”

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই এক হয়ে কাজ করতে হবে। তাহলে উন্নয়নের কাজ করতে পারব।”

নিজ এলাকার জামায়াতে ইসলামীর প্রার্থী দেলওয়ারের উদ্দেশে তিনি বলেন, “আপনি না জেনে আমার সম্পর্কে কথা বলবেন না। আপনি সম্মানীয় প্রার্থী, সঠিক কথা বলুন। প্রতিপক্ষকে আক্রমণ করার সময় নিজের ও প্রতিপক্ষের অবস্থান বুঝতে হবে।”

তিনি নিজের প্রার্থিতা নিয়ে বলেন, “এটা আমার শেষ নির্বাচন। এর পর আমার বয়সও থাকবে না, কাজও করতে পারব না। আমি আপনাদের কাছে ভোট চাই। ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেবেন বলে বিশ্বাস করি।”

সভায় ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *