জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালের জামায়াতে ইসলামী আর বর্তমান জামায়াত এক নয়। শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বহুবার জামায়াতের গঠনতন্ত্র, নীতি ও পদ্ধতি পরিবর্তন হয়েছে। পাকিস্তান আমলে রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু স্বাধীনতার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই সময়কার জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত এক নয়।”
মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংক্রান্ত সংসদে আনা বিল প্রসঙ্গে জামায়াত আমিরের বক্তব্য উদ্ধৃত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমির বলেছেন, আমরা এই জাতিকে বিভক্ত করার রাজনীতি থেকে ফিরে আসতে চাই।”
তিনি আরও বলেন, “এই বিলের মধ্যে রাজনৈতিক খারাপ উদ্দেশ্য রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। বিলটি সংশোধন করা উচিত।”


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































