দেশের ১৭টি গুরুত্বপূর্ণ সেবাখাতে দুর্নীতি বেড়েছে বলে উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর জাতীয় খানা জরিপ-২০২৫-এ। সবচেয়ে বেশি ঘুষ ও দুর্নীতির শিকার হতে হয়েছে পাসপোর্ট সেবা এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে সেবা নিতে গিয়ে।
বৃহস্পতিবার টিআইবি কার্যালয়ে ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ-২০২৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানানো হয়।
প্রধান তথ্য
- ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে দুর্নীতি ও ঘুষের শিকার খানার হার বেড়েছে যথাক্রমে ১৫.১ শতাংশ ও ২৫.২ শতাংশ।
- খানাপ্রতি গড় ঘুষের পরিমাণ ৯.৮ শতাংশ কমলেও প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩৩ কোটি টাকা (২০২৩ সালের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি)।
- গ্রামাঞ্চলে ৬৬ শতাংশ এবং শহরাঞ্চলে ৫৮.৫ শতাংশ খানা ঘুষের শিকার হয়েছে।
- সবচেয়ে বেশি গড় ঘুষ দিতে হয়েছে বিচার সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে।
টিআইবি বলছে, কর্তৃত্ববাদী সরকার পতনের পর ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যাশার বিপরীতে সেবাখাতে দুর্নীতি বেড়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বিচার বিভাগীয় সেবায় দুর্নীতি অব্যাহত রয়েছে। কৃষি, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, পাসপোর্ট ও বিআরটিএ-এর মতো জনগুরুত্বপূর্ণ খাতেও দুর্নীতির উচ্চ হার লক্ষ করা গেছে।
আরও পড়ুন: আটক এমপি পুত্রকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ
নিম্ন আয়ের খানাগুলোকে তাদের বার্ষিক আয়ের তুলনায় অনেক বেশি অংশ ঘুষ হিসেবে দিতে হয়, যা তাদের ওপর অতিরিক্ত বোঝা তৈরি করছে।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































