হাইকোর্ট-সুপ্রিম কোর্ট-newsedge24

তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এবং দেনমোহরের বাস্তবায়ন বন্ধ হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট করে বলেছেন, নাবালক সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা-বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়; এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার।

আজ বৃহস্পতিবার মামলার রিটকারী আইনজীবী ইশরাত হাসান রায় প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন। বিচারপতি আবদুর রহমানের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর রায়টি প্রকাশিত হয়েছে।

রায়ে বলা হয়েছে, আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। নাবালক সন্তানের ভরণপোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার।

আদালত আরও বলেন, শুধুমাত্র একটি নতুন মামলা দায়ের করা হয়েছে, এই কারণে পূর্বে প্রদত্ত চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। কোনও সক্ষম আদালত ডিক্রি স্থগিত না করা পর্যন্ত সেটি কার্যকর থাকবে।

রায়ে হাইকোর্ট স্পষ্ট করেছে, বিবাহ, তালাক, দেনমোহর, ভরণপোষণ এবং বৈবাহিক অধিকার সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার পারিবারিক আদালতের।

আইনজীবী ইশরাত হাসান বলেন, এই রায় নারী ও শিশুর অধিকার সুরক্ষা এবং আদালতের চূড়ান্ত রায়ের কার্যকারিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হবে।

আরও পড়ুন: ‘রাতের ভোট’-এ দায়িত্ব পালনকারী ওসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে

২০১১ সালে বাদী-বিবাদীর বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীকালে পারিবারিক আদালতে স্ত্রী ও নাবালক কন্যার পক্ষে দেনমোহর ও ভরণপোষণের মামলা করা হয়। স্বামী তালাকের দাবি করলেও আদালতে তা প্রমাণ করতে ব্যর্থ হন। ফলে পারিবারিক আদালত স্ত্রী ও সন্তানের পক্ষে ডিক্রি প্রদান করেন। পরে স্বামী নতুন মামলা করে ডিক্রির বাস্তবায়ন স্থগিত করার আবেদন জানালে অধস্তন আদালত তা খারিজ করে। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়।

হাইকোর্ট রুল খারিজ করে অধস্তন আদালতের আদেশ বহাল রাখেন এবং স্বামীকে দেনমোহরের বকেয়া ও ভরণপোষণ পরিশোধের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *