সেনাসদর নির্বাচনী পর্ষদ-01085-NewsEdge24

ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্ব এবং আনুগত্যকেই মূল বিবেচনায় রেখে সেনা সদস্যদের পদোন্নতি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ (প্রথম পর্ব)-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

এই পর্ষদের মাধ্যমে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবীতে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। এ ক্ষেত্রে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। যোগ্য কর্মকর্তাদের মূল্যায়নে তাদের পেশাগত সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সামগ্রিক কর্মদক্ষতাকেই গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সেনাবাহিনী যেভাবে সহায়তা দিয়ে আসছে, তা প্রশংসনীয়। দেশমাতৃকার প্রয়োজনে এ ত্যাগের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। ব্যস্ততার মাঝেও উপস্থিত হয়ে পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে সেনাবাহিনীর পরিদর্শক বইয়ে মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *