অযৌক্তিক-সিদ্ধান্ত মেনে নেবে না-মির্জা ফখরুল ইসলাম-বিএনপি-newsedge24

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে’—এসব কথা সঠিক নয়। একই সঙ্গে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। আজ শনিবার সকালে ঠাকুরগাঁও-১ আসনের পশ্চিম আকচা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আরেকটা দল ভোটের জন্য এসেছে। তাদের মার্কা হলো দাঁড়িপাল্লা। ৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি। অনেক লোককে মেরে ফেলেছে। মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে। তারা এখনো মাফ চাননি।” বিকাশ নম্বর কাউকে না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “এসব ভাঁওতাবাজি আর ধান্দাবাজি। ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে—এসব কথা সঠিক নয়।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। গত ১৫-১৬ বছর দেশের অনেক ক্ষতি হয়েছে। ঝগড়াঝাঁটি না করে সঠিক মানুষকে নির্বাচিত করতে হবে।”

দেশের মানুষের উন্নতির জন্য রাজনীতি করা হয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা রাজনীতি করি শান্তিতে থাকার জন্য। বিগত সময়গুলোতে আমরা শান্তিতে থাকতে পারিনি। ১৫ বছর পর খারাপ সময় পার করেছি। এখন সুসময় এসেছে, দেশে একটা ভালো নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবে। এ রকম একটা আশা জেগেছে।”

তিনি বলেন, “আমি মন্ত্রীও ছিলাম, কেউ বলতে পারবেন না এক কাপ চা খেয়েছি। নির্বাচনে দলের পক্ষ থেকে আমি প্রার্থী। ভোট চাওয়ার জন্য এসেছি। মার্কা হলো ধানের শীষ। এটাই আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে কাজ করার সুযোগ করে দেবেন।”

আরও পড়ুন: ইনোভেশন কনসাল্টিং জরিপে বিএনপি জোটের পক্ষে ৫২.৮০ শতাংশ ভোটার

বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, এনজিওর যত টাকা ঋণ আছে তার দায় সরকার নেবে। মায়েদের ঋণ মওকুফ করা হবে। এ ছাড়া মায়েদের ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষিত বেকারের জন্য ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *