আব্দুর রহমানেল মাছউদ-newsedge24

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। তবে এ আসনে নির্বাচনের নতুন তফসিল ১২ ফেব্রুয়ারির আগে ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমানেল মাছউদ।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেরপুর-৩ আসনে উপনির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।”

তিনি বলেন, “বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন। নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে। অভিযোগ গুরুতর প্রকৃতির হলে সরাসরি নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।”

দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এ কমিশনার বলেন, “আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে। দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন—একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা আমাদের সহায়তা করবেন।”

ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী স ম খালেদুজ্জামানের সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আব্দুর রহমান মাছউদ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়।”

আরও পড়ুন: নারীদের বিষয়ে দলের অবস্থান জানালেন জামায়াত আমির

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর এ আসনে উপনির্বাচনের দাবি উঠেছে। তবে আইন অনুযায়ী, চলমান সাধারণ নির্বাচনের মধ্যে কোনো আসন খালি হলে নির্ধারিত তারিখের আগে নতুন তফসিল ঘোষণা করা যায় না। ফলে এ আসনে ভোট হবে না, এবং পরবর্তীতে উপনির্বাচনের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *