জামায়াত আমির-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর আদর্শিক প্রচারণায় কারও বাধা দেওয়ার এখতিয়ার নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে আসে, তবে আমরাও ছেড়ে দেব না। আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।”

আজ মঙ্গলবার সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “যারা নির্বাচনে জেতার আগেই মা-বোনের গায়ে হাত দেয় এবং বিরোধী মত দমনে কঠোর হয়, তারা জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে—সেই প্রশ্ন রয়েই যায়। একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত চলতে পারে না। জামায়াতের আদর্শিক প্রচারণায় কারও বাধা দেওয়ার এখতিয়ার নেই। নির্বাচনী প্রচারণায় বাধা দিলে কিংবা নারীদের লাঞ্ছিত করলে প্রতিরোধ করা হবে।”

তিনি অভিযোগ করেন, নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে ফ্যাসিবাদ, জবরদখল, চাঁদাবাজি চলবে না। ১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। কিন্তু ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো কাজে আসবে না।”

দেশের বিভিন্ন সিন্ডিকেট গোটা বাংলাদেশকে আঁকড়ে ধরেছে উল্লেখ করে তিনি বলেন, “ক্ষমতায় গেলে সব সিন্ডিকেটের মূলোৎপাটন করা হবে। আমরা বেকার ভাতা নয়, বেকারদের দক্ষ করে কর্মমুখী করতে চাই। নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা ও গণশৌচাগারের ব্যবস্থা করা হবে। সব ধর্মের জন্য নিরাপত্তার দুয়ার খুলে দেওয়া হবে।”

যশোরবাসীর উদ্দেশে তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। তিনি বলেন, “জনতার স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না। এই দেশে জনগণের রাজনীতি হবে, পরিবার বা দলের নয়।”

আরও পড়ুন: ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে: জামায়াত আমির

নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে অন্যতম মজলুম দল জামায়াত। ১৭ বছর নির্যাতিত অবস্থাতেও মানুষের পাশে ছিল দলটি।”

জনসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *