রমেশ চন্দ্র সেন-newsedge4

দিনাজপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌফিক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. তৌফিক জানান, সকালে রমেশ চন্দ্র সেন অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর জেলা কারাগার থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারাগার সূত্রে জানা যায়, গত বছর ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর থানা পুলিশ রমেশ চন্দ্র সেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরদিন ১৭ আগস্ট তাকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ ৩টি মামলায় কারাবন্দী ছিলেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন।

রাজনৈতিক জীবনে তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পানিসম্পদমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন: আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *