চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এবং নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডেভিড ইমন ও রায়হানসহ দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। নোয়াখালীতে রায়হানকে ধরতে একটি টিম অভিযান চালিয়েছে। তবে অল্পের জন্য সে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।’
তিনি জানান, ডেভিড ইমনকে গ্রেপ্তার এবং পুরো অভিযানের বিস্তারিত তথ্য আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এর আগে গত রোববার রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। এদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































